মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে চলমান সামরিক সংঘাত বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। ইরানে সাম্প্রতিক সামরিক হামলার জেরে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের এই আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়। বিবৃতিতে বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ আশা করে, যত দ্রুত সম্ভব শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই সহিংসতায় দুইশর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন নেতাও রয়েছেন। যদিও বাংলাদেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, তবে এই বিবৃতিতে হামলার শিকার ইরানকে সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি।
রিপোর্টারের নাম 
























