পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে আবহা ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে (বাংলাদেশ সময়) এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা সবাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন, নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), তার স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) এবং তাদের তিন কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬), যিনি ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।
নিহত মিজানুর রহমানের বাবা শহীদুল্লাহ ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের কাছে এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার খবরটি তিনি কিছুক্ষণ আগেই জানতে পেরেছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে থানা থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তবে, এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনামের বক্তব্য জানতে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
রিপোর্টারের নাম 





















