ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭ হাজার ৫ জন নিহত হয়েছেন। এই প্রাণহানির তালিকায় দেশটির নিরাপত্তা বাহিনীর ২১৪ জন সদস্যও রয়েছেন।
এইচআরএএনএ জানিয়েছে, ইরানে অস্থিরতা চলাকালীন হতাহতের সঠিক তথ্য সংগ্রহে তারা দীর্ঘ সময় ধরে কাজ করছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা কর্মীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে তারা প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে থাকে। তবে ইরানে বর্তমানে যোগাযোগব্যবস্থা সীমিত থাকায় তথ্য সংগ্রহ ও তা যাচাই করতে দীর্ঘ সময় লাগছে, যার ফলে নিহতের সংখ্যা ধাপে ধাপে হালনাগাদ করা হচ্ছে।
এদিকে, ইরান সরকারের পক্ষ থেকে গত ২১ জানুয়ারি প্রাণহানির একটি আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। সেখানে বিক্ষোভ সংশ্লিষ্ট ঘটনায় ৩ হাজার ১১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়। তবে তেহরানের বিরুদ্ধে অতীতেও হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার বা কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতার মধ্যেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি আলোচনার মাধ্যমেই ইরান সংকটের সমাধান করতে চান এবং বিষয়টিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক মাসের মধ্যেই একটি কার্যকর চুক্তি সম্পন্ন হবে।
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পুনরায় কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির জন্য এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন আশাবাদের বিপরীতে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কণ্ঠে। নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্প একটি কার্যকর চুক্তির বিষয়ে আশাবাদী হলেও সম্ভাব্য যেকোনো চুক্তির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে তার মনে যথেষ্ট সংশয় রয়েছে।
রিপোর্টারের নাম 























