বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সমন্বয় করে নির্ভুল পাঠ্যবই ছাপানোর কাজ চলছে।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা ড. আবরার আরও জানান, এনটিআরসিএ-এর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি দ্রুতই বাস্তবায়ন হবে। এছাড়া, এসএসসি পরীক্ষায় নম্বর প্রদানে অতিরঞ্জন বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধারা বজায় থাকবে।
“শিক্ষকতা পেশা:মিলিত প্রচেষ্টার দীপ্তি‘ শীর্ষক এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন আইসিইএসসিও-এর মহাপরিচালক ড. সেলিম এম. আলমালিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা ।
রিপোর্টারের নাম 






















