জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজতে পরীক্ষামূলকভাবে অত্যাধুনিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে এই স্যাটেলাইট ইন্টারনেট সংযোগটি সফলভাবে স্থাপন করা হয়। জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিনের বেলা এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার কথা জানিয়েছিলেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।
ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা, গবেষণা এবং অনলাইন শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে উচ্চগতির ইন্টারনেটের কোনো বিকল্প নেই। বর্তমানে ক্যাম্পাসে বিদ্যমান ধীরগতির ইন্টারনেটের কারণে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সমস্যা দূর করতেই বিকল্প ও আধুনিক প্রযুক্তি হিসেবে স্টারলিংক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় উচ্চগতির ইন্টারনেট শিক্ষার্থীদের মৌলিক চাহিদার অংশ হয়ে দাঁড়িয়েছে। গবেষণার কাজে এবং অনলাইন রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে গতির সীমাবদ্ধতা একটি বড় বাধা। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে একটি টেকসই এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হচ্ছে।
স্টারলিংকের কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম জানান, আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে এটি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই মাস এর গতি ও স্থায়িত্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সেবার জন্য ‘বিডিরেন’-এর সঙ্গে একটি চুক্তি রয়েছে। স্টারলিংকের সেবার মান, কারিগরি সুবিধা এবং আর্থিক ব্যয়ের সঙ্গে বিডিরেনের বর্তমান সেবার তুলনামূলক বিশ্লেষণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, যদি দেখা যায় স্টারলিংক তুলনামূলক কম খরচে অধিকতর উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে সক্ষম হচ্ছে, তবে এটি স্থায়ী করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, বর্তমান বাজেটের মধ্যেই যদি বিদ্যমান ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব হয়, তবে সেদিকেও নজর দেওয়া হবে। মূলত শিক্ষার্থীদের জন্য যেটি সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে, সেটিই চূড়ান্ত করা হবে। পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কক্ষ এবং ল্যাবে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























