রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ১০৩টি কাজ সম্পন্ন করার দাবি করেছে। দীর্ঘ সময় অকার্যকর থাকা এই ছাত্র সংসদ বাজেট সংকটের মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে এসব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত ‘রাকসুর ১০০ দিন: কার্যক্রম পর্যালোচনা ও জবাবদিহিতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রাকসু সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। সম্মেলনে রাকসুর বিগত ১০০ দিনের কার্যক্রমের বিস্তারিত খতিয়ান শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দায়িত্ব নেওয়ার পর আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজেট সংকট। দীর্ঘদিন রাকসুকে অচল করে রেখে এর বাজেট বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল। তবে আর্থিক সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছি এবং ১০০ দিনে ১০৩টি ছোট-বড় উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যে বাজেট রয়েছে, তার চেয়ে অন্তত আট গুণ বেশি কাজের ক্ষেত্র রয়েছে। বিশেষ করে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ও ভাতা সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত চ্যালেঞ্জিং। ইতোমধ্যে নতুন ৭টি হলের বরাদ্দ নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহারের শতভাগ বাস্তবায়নে রাকসু অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির ১০০ দিনের পূর্ণাঙ্গ কার্যবিবরণী পাঠ করেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা কাজ করছেন। হল সংসদগুলোর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তার বিষয়ে রাকসুর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— বিশেষ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির নিয়ম শিথিল করার প্রস্তাব, আবাসিক হল এলাকায় দ্রুতগামী যান চলাচল নিষিদ্ধ করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং হলগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইসিটি সেন্টারের সঙ্গে সমন্বয়। এছাড়া যাতায়াত সমস্যা দূর করতে বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো এবং প্রযুক্তিগত সহায়তা দিতে ‘টেক হেল্প ডেস্ক’ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের বিষয়ে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসক ও নার্স সংকট দূর করতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের দাবি এবং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং ও হয়রানি রোধে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আইনি সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেছে রাকসু।
রিপোর্টারের নাম 




















