‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হিজাব দিবস-২০২৬ উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (রাকসু)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে হিজাব বিতরণ করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাকসু ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে হিজাব তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিজাব কেবল একটি পোশাক নয়, বরং এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত আত্মপরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের এই পোশাকের প্রতি সম্মান জানাতে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিজাব উপহার পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান। তিনি বলেন, “বিশ্ব হিজাব দিবস উপলক্ষে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এক সময় হিজাব পরার কথা বলতে আমরা দ্বিধাবোধ করতাম, কিন্তু এখন আমরা এটি গর্বের সাথে বলতে পারি। এই ধরনের উদ্যোগ নারীদের আরও অনুপ্রাণিত করবে এবং হিজাব যে কোনো বাধা নয়, বরং আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার সহায়ক—সেই বার্তা পৌঁছে দেবে।”
একই অনুভূতি প্রকাশ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা ইয়াসমিন। তিনি বলেন, “হিজাব মুসলিম নারীদের জন্য গর্বের প্রতীক। বর্তমানে হিজাব নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের ভিড়ে রাকসু’র এই উদ্যোগ আমাদের সাহস জোগাবে। আমরা চাই প্রতিটি ক্ষেত্রে হিজাব পরিহিত নারীরা যথাযথ সম্মান পাক।”
কর্মসূচি সম্পর্কে রাকসু’র মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, “শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এটি হিজাবী শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং ক্যাম্পাসে পারস্পরিক সম্মানবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের ডাক দেন। সেই থেকে হিজাবের প্রতি বৈশ্বিক সচেতনতা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে প্রতিবছর ১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
রিপোর্টারের নাম 




















