আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক প্রচারাভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট’— এই স্লোগানকে সামনে রেখে দুদক মূলত তরুণ প্রজন্মকে তাদের ভোটাধিকার প্রয়োগে নৈতিকতার মানদণ্ড অনুসরণ করার আহ্বান জানাচ্ছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনস্বার্থে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), টিভি স্ক্রল এবং দেশব্যাপী বিলবোর্ডের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচার করা হবে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো তরুণ ভোটারদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগিয়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে নৈতিক ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা।
প্রচারাভিযানে দুদক তিনটি মূল স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। স্লোগানগুলো হলো— “দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন”; “দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট”; এবং “সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।”
সুশাসন, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ অপরিহার্য উল্লেখ করে দুদক জানায়, এই লক্ষ্য অর্জনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের কোনো বিকল্প নেই। সচেতন এবং দায়িত্বশীল ভোটাররাই একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রিপোর্টারের নাম 























