ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন।
ঘটনাটি শনিবার ফজরের নামাজের পর বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার এলাকায় ঘটে। আহত জামায়াত কর্মীদের মধ্যে রয়েছেন আব্দুল হালিম (৫৪), ফয়েজুল্লাহ (৪৩), মোহাম্মদ ইমান (২৪), তানজিল (২২) এবং রাতুল (২৬)। অন্যদিকে, সংঘর্ষে আহত বিএনপি কর্মীদের মধ্যে রয়েছেন বাবু (২৬), আইয়ুব (৪২), শামীম (২৫), শিমু (২৮), উজ্জ্বল বেগম (৩৭), কোহিনুর (৪২) এবং লামিয়া (২২)।
গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী মনিরাম বাজারসংলগ্ন টবগী ৭নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে যান। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে, সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ জানিয়েছেন, উভয় পক্ষ মৌখিকভাবে ঘটনাটি তাকে জানিয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 




















