ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজি থেকে মুক্তি পেতে হলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ক্লিন ইমেজের অধিকারী এম ইকবাল হোসেইনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে গৌরীপুর একটি শান্তিময় জনপদে পরিণত হবে।
শুক্রবার রাতে গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজারের স্টেশন রোড মোড়ে আয়োজিত এক পথসভায় রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো গৌরীপুরেও ধানের শীষের ঐতিহাসিক বিজয় অর্জিত হবে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইনও বক্তব্য রাখেন। এছাড়াও, ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ, গৌরীপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন।
প্রার্থী এম ইকবাল হোসেইনকে সঙ্গে নিয়ে রাকিবুল ইসলাম রাকিব গৌরীপুরের শ্যামগঞ্জ, কাউরাট, গোবিন্দপুরসহ বেশ কয়েকটি স্থানে পথসভা করেন এবং স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।
রিপোর্টারের নাম 
























