আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সিলেটের ওসমানীনগর উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ পুরোদমে শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলায় মোট ৫৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮টি প্রাথমিক বিদ্যালয় এবং বাকিগুলো উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক যাচাই-বাছাই শেষে জরাজীর্ণ ও সংস্কারযোগ্য ৩৬টি প্রাথমিক বিদ্যালয়কে আধুনিকায়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রের মেরামতের জন্য দুই কিস্তিতে মোট ২৭ লাখ ৮৮ হাজার ৫৩১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম কিস্তিতে ৯ লাখ ২৫ হাজার ২০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ১৮ লাখ ৬৩ হাজার ৩৩১ টাকা ছাড় করা হয়।
চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সংস্কারকাজ তদারকি করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত স্থিরচিত্র ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে উপজেলার ৫৪টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০টি সিসি ক্যামেরা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া জেলা প্রশাসকের বিশেষ অর্থায়নে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রে ছয়টি করে ক্যামেরা বসানো হচ্ছে। উচ্চ বিদ্যালয়গুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় এই নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা হবে। যেসব কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে, সেগুলোকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনতে বাইরের অংশে অতিরিক্ত দুটি করে ক্যামেরা যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সিসি ক্যামেরা স্থাপনের সুনির্দিষ্ট বাজেট প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা জানান, এই সংক্রান্ত বরাদ্দের বিস্তারিত তথ্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। তবে নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলম এ প্রসঙ্গে বলেন, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভোটগ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে ওসমানীনগরের সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রশাসন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভোটকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ফলে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরবে এবং নির্বাচনের দিন অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 
























