ফেনীতে শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন, ফলে সকাল ১০টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।
শুক্রবার ফজরের নামাজের পর থেকেই ফেনী সদর উপজেলাসহ জেলার অন্যান্য পাঁচটি উপজেলা থেকে জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। প্রধান অতিথি ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে সকাল ১০টায় ভাষণ দেওয়ার কথা থাকলেও, তার পৌঁছানোর পূর্বেই জনসভাস্থল বিপুল সংখ্যক নেতাকর্মীতে ভরে উঠেছে।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ইতোমধ্যে বক্তব্য রেখেছেন ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধানসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জনসভায় উপস্থিত থাকবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী।
রিপোর্টারের নাম 
























