সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সুর ও স্বাদের এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরী এবং ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আরিফ আহমদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ। এছাড়াও কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সেক্রেটারি সৈকত দেব শাওনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী এই উৎসবে অংশ নেন।
লোকজ ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা মোট ২৫টি স্টলে বাহারি সব পিঠার পসরা সাজিয়ে বসেন। গ্রাম-বাংলার চিরায়ত সব পিঠার ঘ্রাণ আর স্বাদে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসবের এই আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে ছিল ফ্লাইওভার এডুকেশন, গোল্ড স্পনসর হিসেবে কাবসা রেস্টুরেন্ট এবং ডেজার্ট পার্টনার হিসেবে ছিল আইসবার্গ সিলেট।
পিঠা উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করতে সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা ও পিয়াস। গভীর রাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী এই উৎসবের।
রিপোর্টারের নাম 
























