শেরপুরের শ্রীবরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের (৪২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গোপালখিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, নিহত রেজাউল করিমের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তার বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে স্বজনদের বুকফাটা কান্নার শব্দ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।
জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান নিহতের বাড়িতে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























