আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় (ডেবারপাড়) মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং জনসভাকে ঘিরে সীতাকুণ্ডজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসভা সফল করার লক্ষ্যে গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রমসহ বিভিন্ন উপ-কমিটির কাজের সার্বিক খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মোহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, তা নিশ্চিত করতে বর্তমান নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে এক উপজেলা জামায়াত সেক্রেটারির নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, এর মধ্য দিয়ে অবৈধ অস্ত্রের উদ্ধার না হওয়া ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়ার বিষয়টি পুনরায় প্রমাণিত হলো। এসব ঘটনা জনগণের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী জানান, ২ ফেব্রুয়ারির এই জনসভা সীতাকুণ্ডের ইতিহাসে একটি স্মরণীয় গণসমাবেশে পরিণত হবে বলে তিনি আশাবাদী। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জনসভাকে সফল করবে। তিনি পুনরায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন। এছাড়াও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. তাহের, সহকারী সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাইনুদ্দিন রায়হান, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসাইন এবং চট্টগ্রাম-৪ আসনের প্রচার ও মিডিয়া প্রধান মু. মিছবাহুল আলম রাসেলসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, আসন্ন এই জনসভা শুধু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই নয়, বরং সীতাকুণ্ড ও চট্টগ্রাম উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
রিপোর্টারের নাম 
























