বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ (বৃহস্পতিবার) রাজশাহীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে নগরীতে পৌঁছেছেন। সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও দলের ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। তারেক রহমানকে কাছ থেকে দেখা এবং তার মূল্যবান বক্তব্য শোনার আগ্রহে সমাবেশস্থলে অভূতপূর্ব জনসমাগম লক্ষ্য করা গেছে।
সোয়া ১২টার দিকে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদান করেন।
এই জনসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় সূত্রমতে, তিনি জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করবেন।
রাজশাহীর কর্মসূচি শেষে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। যাত্রাপথে তিনি নওগাঁ জেলার এটিএম মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায়ও বক্তব্য রাখবেন। এরপর রাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত একটি জনসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে তার একদিনের সফর শেষ হবে।
দলীয় নেতাদের প্রত্যাশা, তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা আরো বৃদ্ধি করবে।
রিপোর্টারের নাম 

























