বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
এসময় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহারে ১০ লাখ তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্য পূরণে আইন-কানুন আরও সহজ করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরও জানান, নতুন সরকার আসার পর অনেক তরুণ তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে কাজ করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করছেন। যদি জনবান্ধব নিয়ম-কানুন প্রণয়ন করা যায়, তবে আগামী পাঁচ বছরে জনগণের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, তার ২২ বছরের পেশাগত জীবনের ১৫ বছর তিনি টেলিযোগাযোগ খাতে কাজ করেছেন। ফাইবার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ সাত বছর তিনি জাতিসংঘের চিফ অব স্টাফ হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন। তিনি উল্লেখ করেন, বিএনপি গত ৬ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি খাতের জন্য যে নির্বাচনি ইশতেহার পেশ করেছে, তাতে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























