শিক্ষা মন্ত্রণালয় দেশের সহকারী শিক্ষকদের জন্য পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই আদেশ কার্যকর হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে, যা শিক্ষকদের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক সুবিধা বয়ে আনবে।
অর্থ মন্ত্রণালয়ের গত ৩০ অক্টোবর, ২০২৪ তারিখের সম্মতির আলোকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০১৫-এর ১২(২) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের মেমোরেন্ডাম নম্বর ৮৩২-এর তফসিলভুক্ত করে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনামকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে, এই পদে কর্মরত শিক্ষকদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংযোজনের ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব শিক্ষক দ্বিতীয় শ্রেণির এমএড (M.Ed) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী, তারা একটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্ট পাবেন। অন্যদিকে, প্রথম শ্রেণির এমএড (M.Ed) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্টের সুবিধা লাভ করবেন। এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় শিক্ষকরা পূর্ববর্তী সময়ের জন্যও এই সুবিধা প্রাপ্য হবেন।
রিপোর্টারের নাম 























