বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা-নামুইট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মা কেজি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী তামিম হাসান নিহাল (১৬) ও সিজানুর রহমান লিমন (১৬)। দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
নিহত তামিম হাসান নিহাল নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে। অপর নিহত সিজানুর রহমান লিমন নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুলপুর গ্রামের লিটন আহমেদের ছেলে। সে সিধইল গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। তারা দুজনেই একই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে নিহাল ও সিজানুর মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম থেকে শিমলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দলগাছা-নামুইট এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় পান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























