‘নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’—এই শ্লোগানকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাদের নির্বাচনী পরিকল্পনা শোনা এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দেওয়া।
এই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের তিনজন প্রার্থী একই মঞ্চে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত হন। তাঁরা হলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম আজিজি।
সুজন চুয়াডাঙ্গা জেলা ফ্যাসিলেটেটর মেহেরাব্বিন সানভির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নাগরিকদের সচেতন হওয়া এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানে তিনজন প্রার্থীই উপস্থিত জনসাধারণের সামনে তাঁদের নির্বাচনী অঙ্গীকার এবং এলাকার উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে প্রশ্ন করেন। প্রার্থীরা অত্যন্ত ধৈর্য সহকারে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও, প্রার্থীরা একটি বিষয়ে একমত পোষণ করেন যে, জনগণের ভোটে যিনিই নির্বাচিত হন না কেন, তাঁরা সকলে মিলে একটি সুন্দর চুয়াডাঙ্গা গঠনে একসঙ্গে কাজ করবেন।
নির্বাচনের উত্তেজনার মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের এভাবে একই মঞ্চে উপস্থিতি চুয়াডাঙ্গার সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























