একটি সুশৃঙ্খল, পেশাদার এবং নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন সময়ে জনমনে আস্থা তৈরি, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও উল্লেখ করেন যে, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধিতে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবে।
বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক প্রেস কনফারেন্স হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ জেলা হাওর বেষ্টিত ও দুর্গম হওয়ায় এখানকার নির্বাচনী দায়িত্ব পালন বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনকে নিরাপদ করতে বিজিবি সুনামগঞ্জ জেলার সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জামের ব্যবস্থাও করা হবে।
বিজিবি অধিনায়ক জানান, সিলেট অঞ্চলের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়নের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনের অন্তর্গত ২৩টি উপজেলায় মোট ৫৫ প্লাটুনের বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া, আরও ৫টি সীমান্তবর্তী উপজেলা এবং অন্যান্য ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
প্রেস ব্রিফিংকালে সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























