দীর্ঘ ২০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান। দেশব্যাপী নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামীকাল বিকেল ৩টায় নওগাঁ শহরের ঐতিহাসিক এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। তাঁর এই আগমনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বুধবার দুপুরে মাঠ এলাকা ঘুরে দেখা যায়, বিশাল মঞ্চ নির্মাণ এবং মাইক সংযোগের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে স্বাগত তোরণ ও ব্যানার-ফেস্টুন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘ দুই দশক পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য নওগাঁবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “আমাদের চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দ বইছে। তিনি নওগাঁর উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। আমরা নেতাকে বরণ করে নিতে শতভাগ প্রস্তুত।”
জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে আয়োজক কমিটি। পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় ২ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে, যা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন। নওগাঁর কর্মসূচি সমাপ্ত করে সন্ধ্যায় তাঁর বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
রিপোর্টারের নাম 

























