আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইছে। ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবি তোলা সত্ত্বেও ভারতের প্রভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে চাপে ফেলে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আইসিসির প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোহাম্মদ ইউসুফ আইসিসির এই সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান ক্রিকেট শক্তির প্রতি আইসিসি চরম অবিচার করেছে। সংস্থাটির ধারাবাহিকতা ও প্রশাসনিক দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা যেখানে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের মতো বিশাল দর্শকপ্রিয় একটি দেশকে অবজ্ঞা করা কোনোভাবেই কাম্য নয়।
ইউসুফ তথ্য-উপাত্ত তুলে ধরে দেখিয়েছেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই ১০টি দেশের সম্মিলিত দর্শক সংখ্যা প্রায় ১৭ কোটি ৮০ লাখ। অথচ এককভাবে বাংলাদেশেরই ক্রিকেট অনুরাগী দর্শকের সংখ্যা প্রায় ১৬ কোটি ৬০ লাখ। বিপুল এই দর্শক চাহিদাকে উপেক্ষা করে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে আমলে না নেওয়া আইসিসির দ্বিমুখী আচরণকেই স্পষ্ট করে।
পাক এই কিংবদন্তি আরও উল্লেখ করেন, যখন নিয়মনীতির পরিবর্তে প্রভাবশালী মহলের ইচ্ছানুযায়ী বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন খেলাটির মৌলিক ন্যায্যতা নষ্ট হয়। তার মতে, ক্রিকেটকে কোনো নির্দিষ্ট শক্তির প্রভাবে নয়, বরং সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।
উল্লেখ্য, বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। গ্রুপ ‘সি’-তে পাকিস্তান, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে এখন বাংলাদেশের বদলে মাঠে নামবে স্কটিশরা। আইসিসির এমন একপেশে সিদ্ধান্তে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























