নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে এই বৈশ্বিক আসরে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে স্কটল্যান্ড। এমন পরিস্থিতিতে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড।
মূলত ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপত্তি জানিয়ে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি গ্রহণ না করে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি নিজের সংহতির কথা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড বলেন, বাছাইপ্রক্রিয়া পার করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পরও বাংলাদেশের বাদ পড়া অত্যন্ত দুঃখজনক। তিনি স্পষ্ট করেন যে, স্কটল্যান্ড কখনোই অন্য কোনো দলের বাদ পড়ার বিনিময়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চায়নি। ক্রিকেটার হিসেবে এমন পরিস্থিতিতে পড়ার কষ্ট তারা অনুভব করতে পারছেন এবং বাংলাদেশের জন্য তাদের মনে পূর্ণ সহানুভূতি রয়েছে।
আকস্মিকভাবে বিশ্বকাপের টিকিট পাওয়ায় স্কটিশ ক্রিকেট বোর্ডে এখন সাজ সাজ রব। হাতে সময় খুব কম থাকায় লজিস্টিক ও প্রশাসনিক কাজ সামলাতে হিমশিম খাচ্ছে তারা। লিন্ডব্লেড জানান, মাত্র এক সপ্তাহের নোটিশে একটি পূর্ণাঙ্গ দল ভারতে পাঠানো অত্যন্ত চ্যালেঞ্জিং। পরিস্থিতি সামাল দিতে তাদের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে আইসিসি তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ স্কটল্যান্ড দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে।
প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছে স্কটল্যান্ড। লিন্ডব্লেডের মতে, প্রস্তুতির ঘাটতি থাকায় তাদের ওপর প্রত্যাশার চাপ কিছুটা কম থাকতে পারে, তবে তারা বড় দলগুলোকে হারিয়ে চমক দেখাতে বদ্ধপরিকর। নিজেদের ওপর অগাধ বিশ্বাস রেখে মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্যেই ভারতে পা রাখছে স্কটিশরা।
রিপোর্টারের নাম 























