একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী তিন দিন ধরে খুলনা ও ময়মনসিংহ বিভাগের ১১টি জেলায় নির্বাচনী জনসভা করবেন। সোমবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সফর আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি ডা. শফিকুর রহমান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে চারটি জনসভায় অংশ নেবেন। কুষ্টিয়ায় সকাল ১০টা, মেহেরপুরে দুপুর ১২টা, চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টা এবং ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় এসব জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন রাতে তিনি যশোরে রাত্রিযাপন করবেন।
পরদিন ২৭ জানুয়ারি, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটে জনসভা অনুষ্ঠিত হবে। যশোরে সকাল সাড়ে ৯টায়, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বেলা সাড়ে ৩টায় এবং বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
নির্বাচনী সফরের শেষ দিন ২৮ জানুয়ারি, ডা. শফিকুর রহমান জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় জনসভায় যোগ দেবেন। জামালপুরে সকাল ১০টা, শেরপুরে দুপুর ১২টা এবং মুক্তাগাছায় বিকেল সাড়ে ৪টায় তিনি নির্বাচনী প্রচারণা চালাবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা-১৫ আসনে একটি জনসভার মধ্য দিয়ে ডা. শফিকুর রহমান তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছিলেন। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এবং সবশেষ রোববার ঢাকায় তিনটি জনসভায় বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























