বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না এবং জামায়াত যদি ‘খেলা শুরু’ করে, তবে তার সমুচিত জবাব দেওয়া হবে। রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, স্বাধীনতাবিরোধীদের ছাড় দিয়েই জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের একজন সংসদ সদস্য পদপ্রার্থী নাকি সবাইকে ‘সাইজ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন। তাদের উদ্দেশ্য করে ইশরাক বলেন, তারা যদি খেলা শুরু করতে চায়, আমরাও ছাড় দেব না।
জামায়াতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তারা তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালিয়েছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের সেল থেকে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে। গণ-অভ্যুত্থানের পর আমরা সহাবস্থান আশা করেছিলাম, কিন্তু তারা আমাদের সম্মানহানি করেছে। এ কারণে আমরাও তাদের একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি।
ইশরাক আরও অভিযোগ করেন, জামায়াত ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে ফিরে যেত। ২০১৮ সালের পর থেকে তিনি নিয়মিত রাজনীতিতে সক্রিয় ছিলেন, কিন্তু জামায়াতের তেমন সরব ভূমিকা কোথাও দেখেননি। তিনি দাবি করেন, ‘ভারতপন্থি’ আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সব সময় লড়াই চালিয়ে গেছেন।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্ম নিয়ে বাড়াবাড়ির অভিযোগ তোলেন। তিনি বলেন, জামায়াত বেঈমানি করেছে বলেই একটি বড় ইসলামী দল তাদের জোট থেকে বেরিয়ে গেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























