জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেন, তাদের উচিত আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করা। ঋণখেলাপিদের সংসদ নির্বাচনে প্রার্থী করে জনগণের জন্য ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার দেওয়ার স্বপ্ন দেখানো অর্থহীন বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঋণখেলাপিদের সংসদ নির্বাচনে প্রার্থী করে জনগণকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা স্রেফ মন ভোলানো গান। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আর চলবে না। যদি সত্যিই দুর্নীতিমুক্ত দেশ গড়ার সদিচ্ছা থাকে, তবে প্রথমে ঋণখেলাপিদের বাদ দিতে হবে। এরপরই কেবল জাতি আপনাদের সাধুবাদ জানাবে।
জামায়াত আমির একটি নতুন বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে ‘হ্যাঁ’ এর বিজয় সুনিশ্চিত হবে। তিনি আরও বলেন, ১১ দলের প্রার্থীদের বিদেশে বেগম পাড়া গড়ার কোনো ইচ্ছা নেই। আমাদের বিজয়ী করলে আমরা আপনাদের চৌকিদার ও সেবক হতে চাই। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই। যারা বিভেদের কথা বলে, তারা দেশকে ভালোবাসে না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
ডা. শফিকুর রহমান পুরান ঢাকাকে আধুনিকের পরিবর্তে ‘সোনা’য় রূপান্তরিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, সেই সুযোগ আমরা চাই। আমরা কথা দিয়ে কথা রাখি। ৫ আগস্টের পর আমরা যা বলেছি, তা রক্ষা করেছি।
জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহ, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
রিপোর্টারের নাম 

























