বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ফেনীতে এক জনসভায় দলীয় নেতাকর্মীদের প্রতি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায়, ভোট প্রদান এবং সারাদিন কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় তিনি দেশের বিভিন্ন সমস্যা নিরসনে দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
জনসভায় তারেক রহমান গ্রামাঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালুর কথা জানান। এ প্রসঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত পল্লী চিকিৎসক ব্যবস্থার উল্লেখ করে বলেন, ছোটখাটো অসুস্থতায় মানুষ যেন ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করা হবে।
২০২৪ সালের বন্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, উজানের পানিতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি নেওয়া হবে।
তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ এমন পরিবর্তন চায়, যাতে তাদের কষ্ট লাঘব হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারে। এজন্য আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার ওপর জোর দেন তিনি।
বিগত সরকারের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও অনিয়মের লাগাম টেনে ধরা হবে।
রিপোর্টারের নাম 
























