ফেনী-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় তাদের সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন।
এ সময় আবদুল আউয়াল মিন্টু ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, বিএনপি ব্যবসায়ীদের পাশে থেকে একটি নিরাপদ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরিতে কাজ করবে, যেখানে সন্ত্রাস বা চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক বাবুল মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 



















