খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সালাউদ্দীন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গত ১৯ জুলাই ডেপুটেশন মঞ্জুর হওয়ায় তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, যিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. সালাউদ্দীন তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছাত্র বিষয়ক পরিচালকের পদ সামলাবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবেও কর্মরত আছেন।
রিপোর্টারের নাম 
























