দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। শুক্রবার সংগঠনটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী আল আমীন ফয়জির নেতৃত্বে উপজেলার দক্ষিণ মিনজিরী তলা, আশি ঘর পাড়া এবং ১ নম্বর ওয়ার্ডের বাজালিয়া ও বাহারছড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই সংগঠনটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এই ত্রাণ বিতরণ করেছে। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক দুর্যোগ ও সংকটে সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মুফতী আল আমীন ফয়জির সঙ্গে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন মাওলানা আমির হোসাইন, মাওলানা হিজবুল্লাহ নাহিয়ান, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইয়াসিন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মোহাম্মাদ আবু বকর উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এই কার্যক্রমে অংশ নেন।
সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত ও উপকৃত পরিবারগুলো। তারা এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























