ক্ষমতাসীন বিএনপি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হলে ৪০ লাখ বেকার যুবককে নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির সভাপতি তারিকুল ইসলাম শুক্রবার ‘জুলাই যুব কনভেনশন-২০২৬’ এ এক বক্তব্যে এই হুমকি দেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ না নিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পতন ঘটাতে এবং প্রয়োজনে শেখ হাসিনার প্রত্যাবর্তনেও ভূমিকা রাখবে, যার দায়ভার ক্ষমতাসীন দলকেই নিতে হবে।
তারিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও গত পাঁচ মাসে নিজ দলের কর্মীদের জন্য কেবল চাঁদাবাজির সুযোগ তৈরি করেছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, সরকার যুবকদের কর্মসংস্থানের পরিবর্তে ‘গাড়ির পেছনে দৌড়ানো’র মতো কর্মসংস্থান তৈরি করছে এবং চায় সবাই ‘রবিউল ইসলাম নয়ন’ বা ‘রাশেদ খানের’ মতো হোক।
জাতীয় যুবশক্তির এই নেতা আরও উল্লেখ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নামে একটি ফেসবুক পেজ থাকলেও গত ছয় মাসে সেখান থেকে যুবকদের কর্মসংস্থান বিষয়ক কোনো খবর পোস্ট করা হয়নি। তিনি ক্ষমতাসীন দলকে স্মরণ করিয়ে দেন যে, তাদের ক্ষমতায় টিকে থাকার দায় জনগণের কল্যাণে কাজ করার ওপর নির্ভরশীল, অন্য কোনো উপায়ে নয়।
রাজধানীর দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে আয়োজিত এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























