বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।
বৈঠক সূত্র জানায়, আলোচনায় বাংলাদেশের আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠে আসে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও খোলামেলা আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং এই সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
রিপোর্টারের নাম 
























