ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা। রোববার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ভোর হওয়ার আগেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা মিছিলের চাপে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
সমাবেশস্থলে উপস্থিত হয়ে দেখা গেছে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মিছিল সহকারে মাঠে প্রবেশ করছেন। ‘ভোট দিব কিসে, ধানের শীষের’ এবং ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজির দেউড়ি ও লালখান বাজার এলাকা।
দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে তাকে বিপুল সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর কাজীর দেউড়িস্থ একটি অভিজাত হোটেলে অবস্থান নেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তার সভামঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যেই জনসভাস্থলে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। নগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা মঞ্চ থেকে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
এদিকে, বিশাল এই জনসভাকে কেন্দ্র করে পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সভামঞ্চে প্রবেশের ক্ষেত্রে দুটি স্তরে তল্লাশি চালানো হচ্ছে এবং নির্দিষ্ট জোনগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিআরবিসহ আশপাশের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। বিশেষ করে সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























