বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত বাড়িতে যান। সেখানে তিনি শহীদের পিতা ও বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোনাজাত পরবর্তী বক্তব্যে জামায়াত আমির বলেন, শহীদ আবু সাঈদ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী বীর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, “হে আল্লাহ, আবু সাঈদ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছেন। আপনি তাঁকে কবুল করুন এবং আমাদের দেশকে আধিপত্যবাদের কবল থেকে রক্ষা করুন। আমরা যেন এই শহীদের দেখানো পথে চলে দেশের স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করতে পারি।”
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
পীরগঞ্জে কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পূর্বনির্ধারিত গণসংযোগ ও সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তাঁর সফরসূচি অনুযায়ী, বেলা ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী, দুপুর ১২টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুর, বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর, বিকেল ৪টায় উল্লাপাড়া এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 






















