কুমিল্লার দাউদকান্দিতে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১০ দলীয় জোট। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সানাই পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জোটের নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
সভায় জোটের শীর্ষ নেতারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তারা আরও উল্লেখ করেন যে, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর আমির সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১ নির্বাচনী কমিটির সদস্য সচিব ও উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এইচএম শরিফুজ্জামান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা উত্তর জেলা ও দাউদকান্দি উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ এবং উপজেলা যুব বিভাগের প্রতিনিধিরা সভায় বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে জোটের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
রিপোর্টারের নাম 

























