বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে তারা জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সকল মামলার বিচার দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সাত দফা দাবি উত্থাপন করেছে।
বৃহস্পতিবার দুপুরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের প্রধান ঘটনাস্থলগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, দেশের ৬৪ জেলার ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলেও ঢাকা, রংপুর ও কুষ্টিয়া জেলার বাইরে অনেক ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অভিযুক্ত চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গুম-খুন ও মরদেহ ধ্বংসের অভিযোগে জড়িত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধেও দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
প্রতিনিধিদল অভিযোগ করেছে যে, তদন্ত ও বিচার কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতির কারণে বিচারপ্রার্থী ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার নিয়ে উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 




















