স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান সাগর ছিলেন শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য। তিনি বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া হাট এলাকার শাহাদত হোসেন ও সাজেদা বেগমের ছেলে।
নিহতের স্ত্রী মারজিয়া আক্তার জানান, সাগরের নিজ বাড়ি পাঁচবাড়িয়া গ্রামে হলেও তিনি বেশ কয়েক মাস ধরে পার্শ্ববর্তী চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। বুধবার রাত সোয়া ২টার দিকে সাগর নিজ বাড়িতে রাতের খাবার খেতে আসেন। এ সময় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাগরদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এরই জেরে সাগরের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে, যার ফলে তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























