টাঙ্গাইলের মধুপুরের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত আনারস এবার পাকিস্তানের বাজারে প্রবেশ করতে চলেছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই বিশেষ আনারস রপ্তানির সম্ভাব্যতা যাচাই করতে মধুপুরের উৎপাদন এলাকা পরিদর্শন করেছে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশনের (এনপিপিও) একটি প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানের প্রতিনিধি দলটি মধুপুর উপজেলার মহিষমারা, মোটেরবাজার, জলছত্র ও পঁচিশমাইলসহ বিভিন্ন আনারস উৎপাদন এলাকা ঘুরে দেখে। একইসঙ্গে তারা সেন্ট্রাল প্যাক হাউজ এবং ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টও পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনপিপিও’র কর্মকর্তা মো. আকিব মেহেদী। পরিদর্শন শেষে তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এই পরিদর্শনের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান, সাবির আহমেদ এবং অতিরিক্ত উপপরিচালক-২ (প্রশাসন ও অর্থ উইং) রকিব আল রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইলের প্ল্যান্ট প্রোটেকশন বিভাগের উপপরিচালক আশেক পারভেজ, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (হর্টিকালচার) শোয়েব মাহমুদ এবং মধুপুর উপজেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিনিধি দলকে সহযোগিতা করেন। এই উদ্যোগ মধুপুরের কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























