কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ত্বরান্বিত করার উদ্যোগ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে তিনি ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা অত্যন্ত জরুরি।
সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী, দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা, ব্যবসা পরিচালনা সহজীকরণ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘ফিকি এফডিআই রিপোর্ট-২০২৬’ উন্মোচন করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে। এছাড়া দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীদের অবদান, বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সংস্কারের বিষয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়।
রিপোর্টারের নাম 























