কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ওই ক্যাম্পের ডি-৪ ব্লকে অবস্থিত ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মুহূর্তেই পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ শেডগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্যাম্পের বাসিন্দাদের দেওয়া তথ্যমতে, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, এতে আনুমানিক ৩০০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। হাড়কাঁপানো শীতের মধ্যে মধ্যরাতে ঘরবাড়ি হারিয়ে কয়েক শ রোহিঙ্গা পরিবার খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় পড়েছে। অনেকে জীবন বাঁচাতে প্রয়োজনীয় আসবাবপত্র ফেলেই নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে নেমেছে। তবে শুষ্ক মৌসুম ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ২৫ ও ২৬ ডিসেম্বর পৃথক দুটি অগ্নিকাণ্ডে একটি হাসপাতালসহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, ক্যাম্পগুলোর অত্যধিক জনঘনত্ব এবং ঘর তৈরিতে বাঁশ ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের ব্যবহারের কারণে ছোটখাটো অগ্নিকাণ্ডও দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিচ্ছে। আজকের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























