ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর তাঁতীবাজার মোড়ে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর তারা সায়েন্সল্যাব অভিমুখে পদযাত্রা শুরু করেন। এই কর্মসূচির কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে তারা রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে পৌঁছান। সেখানে তারা সড়ক অবরোধ করে দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান করেন। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ইয়ামিন বলেন, “আমরা তাঁতীবাজার মোড় অবরোধ করেছিলাম। এখন আমরা সায়েন্সল্যাবের দিকে যাচ্ছি। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দাবি নিয়ে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। বাধ্য হয়েই আমরা আজ এই অবরোধ কর্মসূচি নিয়েছি। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, “দীর্ঘদিন ধরে এই আন্দোলন চললেও কর্তৃপক্ষের ধীরগতির কারণে আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের একমাত্র দাবি হলো, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কেবিনেটে উপস্থাপন করে রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।”
রিপোর্টারের নাম 
























