সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন নেত্রী। তার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। যা পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক বার্তার এক যৌথ বিবৃতিতে এ কথা জানান সংগঠনটি।
বিবৃতিতে সই করেন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
তারা বলেন, খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ ও প্রভাবশালী নেতৃত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় রাজনীতি বিকাশে তার অবদান জাতির ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে। আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসী অবস্থানের জন্য তিনি এ দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।
বিবৃতি আরও বলেছেন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
যুবশক্তির বিবৃতিতে বলা হয়, জাতীয় যুবশক্তি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই শোকাবহ মুহূর্তে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি— তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত সবাইকে ধৈর্য ধারনের শক্তি দান করেন।
রিপোর্টারের নাম 
























