২০২৫ সালে সাইবার অপরাধীরা ক্রিপ্টোকারেন্সি দুনিয়া থেকে প্রায় ২.৭ বিলিয়ন ডলার চুরি করেছে। যা এ পর্যন্ত ক্রিপ্টো হ্যাকিংয়ের ইতিহাসে সর্বোচ্চ। ব্লকচেইন পর্যবেক্ষণকারী একাধিক সংস্থার তথ্য অনুযায়ী, এই বছর ক্রিপ্টো এক্সচেঞ্জ ও বিকেন্দ্রীভূত অর্থনীতি প্রকল্পে ডজনের বেশি বড় হামলা হয়েছে।
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি
২০২৫ সালের সবচেয়ে বড় হ্যাকটি ঘটে দুবাইভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে। এই হামলায় প্রায় ১.৪ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়। ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের এফবিআই এই ঘটনার জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় হ্যাকারদের দায়ী করেছে।
এই চুরি শুধু ক্রিপ্টো জগতেই নয়, বরং মানব ইতিহাসের অন্যতম বড় আর্থিক ডাকাতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা ছিল ২০২২ সালে রনিন নেটওয়ার্ক ও পলি নেটওয়ার্কে, যেখানে হ্যাকাররা যথাক্রমে ৬২৪ মিলিয়ন ও ৬১১ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়।
চেইনালাইসিস ও টিআরএম ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ২ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো চুরি হয়েছে। এছাড়া ব্যক্তিগত ক্রিপ্টো ওয়ালেট থেকেও প্রায় ৭ লাখ ডলার চুরি হয়েছে বলে জানিয়েছে চেইনালাইসিস।
ওয়েব৩ নিরাপত্তা প্রতিষ্ঠান ডি.এফআই , যারা রেক্ট ডেটাবেস পরিচালনা করে, তারাও ২০২৫ সালে চুরি হওয়া ক্রিপ্টোর পরিমাণ ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বলে হিসাব করেছে।
উত্তর কোরিয়ার হ্যাকারদের আধিপত্য
২০২৫ সালেও সবচেয়ে সফল ক্রিপ্টো চোর হিসেবে উঠে এসেছে উত্তর কোরিয়ার সরকারি হ্যাকাররা। চেইনালাইসিস ও এলিপিটিক-এর তথ্য অনুযায়ী, শুধু এই বছরেই তারা অন্তত ২ বিলিয়ন ডলার চুরি করেছে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার হ্যাকাররা মোট প্রায় ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো হাতিয়ে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অর্থ উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
অন্যান্য বড় হ্যাক
২০২৫ সালের উল্লেখযোগ্য অন্যান্য ক্রিপ্টো হ্যাকের মধ্যে রয়েছে—
>> চেটাস (ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ): ২২৩ মিলিয়ন ডলার
>>ব্যালেন্সার (ইথেরিয়ামভিত্তিক প্রোটোকল): ১২৮ মিলিয়ন ডলার
ফেমেক্সে (ক্রিপ্টো এক্সচেঞ্জ): ৭৩ মিলিয়নের বেশি ডলার
বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ডেফাই প্রকল্পগুলোর ওপর হামলা কমার কোনও লক্ষণ নেই।
২০২৩ সালে চুরি হয়েছিল প্রায় ২ বিলিয়ন ডলার, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২.২ বিলিয়ন ডলারে। আর ২০২৫ সালে সেটি পৌঁছায় ২.৭ বিলিয়ন ডলারে।
এই ধারাবাহিক বৃদ্ধি ক্রিপ্টো নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: টেক ক্রাঞ্চ
রিপোর্টারের নাম 

























