রাজধানীর বংশাল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. তাজুল ইসলাম হৃদয় (২৯), আব্দুল গাফফার (৩৮), মো. জনি মোড়ল (২৯), মো. আতাউর রহমান (৩৩) ও মো. শাহিন (২৫)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ছাড়াও একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি এবং একটি দা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৭ অক্টোবর রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার আরমানিটোলা তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়ে তারা যখন পরিকল্পনা করছিল, ঠিক তখনই পাঁচজন সংঘবদ্ধ ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























