রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বাতাসের চলাচল ও আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
সন্ধ্যার পর ঢাকায় তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি অনেক বেশি বেড়ে যায়। হালকা বাতাসের সঙ্গে আর্দ্রতা মিলিত হলে শরীরে কনকনে ঠান্ডা লাগে। সাধারণ মানুষ এখন হালকা কোট বা শীতের সোয়েটার পরে বাইরে বের হচ্ছে। সন্ধ্যা নামতেই চোখে পড়ে চায়ের দোকানে মানুষের ভিড়।
সোমবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রিপোর্টারের নাম 





















