ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, আজ বিকেল তিনটায় শাহবাগের ‘শহীদ হাদি চত্বর’ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাবে।
গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। এর আগে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।
হত্যাকাণ্ডের তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা বিভাগ (ডিবি) ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে মূল ঘাতক ফয়সাল ও তার সহযোগী আলমগীর এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে যে, তারা ঘাতকদের দ্রুত জীবিত অবস্থায় গ্রেফতারের দাবি জানাচ্ছেন এবং কোনো ধরনের ‘বন্দুকযুদ্ধের নাটক’ দেখতে চান না। শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং জুলাই অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























