ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রে অসুস্থ হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাহেরুজ্জামান আকাশ (২২)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেকে তাকে নিয়ে আসা ঢাবির নিরাপত্তা কর্মী মোহাম্মদ আবদুল ওহাব সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা আকাশ পরীক্ষার হল কেন্দ্রে প্রবেশের জন্য সায়েন্স কমপ্লেক্স বিল্ডিং লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, “আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আকাশকে মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।”
ওই শিক্ষার্থীর বাবার নাম ইসলামাইল এবং মায়ের নাম শামীমা আক্তার।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) পরীক্ষা আজ শুরু হয়েছে।
দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে মোট ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।
রিপোর্টারের নাম 






















