পরিকল্পনা কমিশনের যুগ্মসচিব মাকসুদা খাতুনকে সরকারি গাড়িতে আটকে রেখে ছয় লাখ টাকা দাবির অভিযোগে গাড়িচালক আবদুল আউয়ালকে (৪০) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আবদুল আউয়াল দুই মাস ধরে মাকসুদা খাতুনের গাড়ি চালাচ্ছিলেন। বুধবার সকাল সোয়া আটটায় মাকসুদা খাতুন ধানমন্ডি থেকে পরিকল্পনা কমিশনের উদ্দেশে রওনা দেন। তবে চালক গাড়ি কমিশনে না নিয়ে মহাখালী, বনানী হয়ে বিমানবন্দর সড়কের দিকে চলে যান। পথিমধ্যে মাকসুদা খাতুন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিতে চাইলে চালক জোর করে মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করেন।
চালক গাড়ি উত্তরার দিয়াবাড়ি ঘুরে সাভারের হেমায়েতপুরের দিকে চালাতে থাকেন এবং পরে আবার দারুস সালাম হয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১২টার দিকে পরিকল্পনা কমিশনের সামনে আসে। গাড়ি থামিয়ে তিনি যুগ্ম সচিবের কাছে নিজের মায়ের চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা চাওয়ার পর যুগ্ম সচিব জানান, অফিসে গিয়ে টাকা দেওয়া হবে। এরপর তাকে কমিশনের ভেতরে নিয়ে আসেন চালক। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
মাকসুদা খাতুন বলেন, “চালক টাকা চাইতে পারতেন, কিন্তু আমাকে জিম্মি করে, মুঠোফোন কেড়ে, চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানোর প্রয়োজন ছিল না। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 



















