বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তারা এ প্রতিবাদ জানায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে ওইসব চিত্র মুছে দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। তিনি বলেন, শিক্ষার্থীরা এই চিত্রগুলো যে অঙ্কন করবে, সে বিষয়ে কোনও অনুমতি নেয়নি। এই দিবসে এই চিত্রগুলো আগে কখনও পাইনি। সে কারণে বিশ্ববিদ্যালয়ের উধ্বর্তন কর্তৃপক্ষ নির্দেশ করে, পরে এসব মুছে দেওয়া হয়েছে।
হল সংসদের সূত্রে জানা গেছে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীরা গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই সেগুলো মুছে ফেলা হয়।
জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সঙ্গে কোনও আলোচনা না করেই ছবিগুলো মুছে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদকে অবগত না করেই ছবিগুলো মুছে ফেলেছে।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে আজ প্রশাসনের কাছে একটি প্রতিবাদলিপি জমা দেওয়া হবে। পাশাপাশি, দাড়ি-টুপিকে ব্যবহার করে রাজাকারদের পক্ষে যে ব্যাখ্যা ও উপস্থাপনার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে অবস্থান তুলে ধরতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি টাঙানো হবে।
রিপোর্টারের নাম 




















